আনসার ও বনকর্মীকে অপহরণ, পরে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর দৌলতদিয়া ও দেবগ্রাম এলাকায় গত মঙ্গলবার উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ মা ইলিশ রক্ষায় অভিযান চালাতে গেলে জেলে ও দুর্বৃত্তরা এক আনসার সদস্য ও বনকর্মীকে তুলে নিয়ে ব্যাপক মারধর করে। গতকাল বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের সহযোগিতায় দুজন এলাকায় ফিরে আসেন।
উদ্ধার হওয়া দুজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী (ইউএনও), মৎস্য কর্মকর্তাসহ ১৮ সদস্যের একটি দল মা ইলিশ রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে পদ্মায় অভিযানে নামে। দৌলতদিয়া ঘাট থেকে দুটি ইঞ্জিনচালিত ট্রলারে করে উপজেলার দেবগ্রাম ইউপির শেষ সীমায় যায় দলটি। একপর্যায়ে দেবগ্রামের দুর্গম অঞ্চল রাখালগাছির কাছাকাছি পৌঁছামাত্র ১০-১২টি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে দলটিকে ধাওয়া করেন জেলেরা। ইউএনও ও মৎস্য কর্মকর্তার বহনকারী ট্রলারটি দ্রুত সরে গেলেও অন্য ট্রলারে থাকা উপজেলার ডেপুটি আনসার কমান্ডার হানিফ মৃধা (৩৫) ও বনকর্মী (মালি) সিদ্দিকুর রহমানকে (৪০) ঘিরে ফেলেন জেলেরা। এরপর মারধরের একপর্যায়ে দুজনকে পাবনার বেড়া থানার চরমপন্থী অধ্যুষিত ঢালারচর এলাকায় নিয়ে যান তাঁরা। সেখানে কয়েক শ জেলে ও দুর্বৃত্তরা একত্র হয়ে দুজনকে ব্যাপক মারধর করে। পরে গোয়ালন্দ থেকে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার পর ঢালারচরের কয়েকজন সন্ধ্যার দিকে দুজনকে স্থানীয় পুলিশ ফাঁড়িতে নিয়ে যান।
এলাকাবাসী জানান, ইলিশ শিকার নিষিদ্ধ হওয়ার সুযোগে ভুয়া পুলিশ সেজে নদী থেকে প্রায় রাতে জেলেদের কাছ থেকে ইলিশ মাছ, টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এ নিয়ে জেলেদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ ছাড়া দৌলতদিয়া নৌ ফাঁড়ির মো. শহিদ নামের এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মাঝেমধ্যেই নদী থেকে জেলেদের ভয়ভীতি দেখিয়ে ইলিশ আনার অভিযোগ রয়েছে। তবে ওই কনস্টেবল অভিযোগ অস্বীকার করেছেন।
সিদ্দিকুর রহমান বলেন, ‘জীবনে অনেক ঢালারচরের কথা শুনেছি, কখনো যাইনি। ওরা (জেলেরা) যে কত ভয়ংকর, কাছ থেকে না দেখলে বিশ্বাস করা যায় না। প্রথমে ১০-১২টি নৌকা আমাদের আটক করলেও পরে বনের আশপাশ থেকে আরও ৫০-৬০টি নৌকা এসে আমাদের ঘিরে রাখে। যেভাবে আমাদের মারধর করা হয়, ভেবেছিলাম আর বাঁচব না।’
শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখিয়ে হানিফ মৃধা বলেন, ‘তাদের প্রত্যেকের হাতে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল। আমাদের প্রথমে ট্রলার থেকে গলা পর্যন্ত পানিতে নামিয়ে মারধর করা হয়। পরে আবার নদীর পাড়ে তুলে কয়েক দফা লাঠি দিয়ে মারধর করা হয়। পরে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় পুলিশে দেয়।’
ঢালারচর ফাঁড়ির ইনচার্জ এসআই আ. হাই জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে স্থানীয় এক ইউপি সদস্যের কাছ থেকে সংবাদ পাওয়ার পর পুলিশ পাঠিয়ে নারাদহ এলাকা থেকে দুজনকে উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়।
ইউএনও পঙ্কজ ঘোষ বলেন, গতকাল বেলা তিনটার দিকে থানা পুলিশের সহযোগিতায় ঢালারচর ফাঁড়ি পুলিশের কাছ থেকে আনসার সদস্য ও বনকর্মীকে ফেরত আনা হয়েছে।