রোহিঙ্গা শিবিরের আনসার ব্যারাকে হামলা, নিহত ১
কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়ায় রোহিঙ্গা শরণার্থীশিবিরে আনসার বাহিনীর শালবন ব্যারাকে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এতে ওই বাহিনীর কমান্ডার নিহত হয়েছেন। দুর্বৃত্তরা ব্যারাক থেকে অস্ত্র লুট করে নিয়ে গেছে।
নিহত আনসার কমান্ডারের নাম মো. আলী হোসেন (৫৫)। তাঁর বাড়ি টাঙ্গাইলের সখীপুরে।
হামলার সময় ওই ব্যারাকে থাকা আনসার সদস্য অজিত বড়ুয়া প্রথম আলোকে বলেন, গতকাল দিবাগত রাত দুইটার দিকে ২০-২৫ জন অস্ত্রধারী দুর্বৃত্ত ব্যারাকে হামলা চালায়। এ সময় তিনিসহ ওই ব্যারাকে নয়জন ছিলেন। সবাই ঘুমিয়ে ছিলেন। আনসার কমান্ডার আলী হোসেনের ঘর থেকে আর্তনাদের শব্দে তাঁর ঘুম ভাঙে। সেখানে বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাঁকেসহ অন্যদের বেঁধে ফেলে। এরপর আলী হোসেনকে হত্যার পর অস্ত্র লুট করে। এসব অস্ত্রের মধ্যে রাইফেলসহ আগ্নেয়াস্ত্র ও গুলি রয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদের ভাষ্য, লাশ ব্যারাকের কাছে রাখা আছে। কক্সবাজার পুলিশ সুপার শ্যামল কুমার নাথ ঘটনাস্থলে গেছেন।