মাগুরা জেলা আনসার কমান্ড্যান্টের দায়িত্বে থাকা ঝিনাইদহের আনসার কমান্ড্যান্ট মো. আহসান উল্লাহর বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আনসার-ভিডিপি সদস্য নিয়োগে ঘুষ দাবির অভিযোগ উঠেছে। এ অভিযোগ করেছেন মাগুরার শালিখার ভারপ্রাপ্ত উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মমতাজ বেগম।
আনসার সদস্যদের কাছ থেকে ঘুষের টাকা তুলে দিতে রাজি না হওয়ায় আহসান উল্লাহর হাতে মমতাজ বেগম শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে আহসান উল্লাহ এসব অভিযোগ অস্বীকার করেছেন।
মমতাজ বেগমকে লাঞ্ছিত করার প্রতিবাদে আনসার-ভিডিপির সদস্যরা গতকাল সোমবার বেলা দুইটার দিকে মাগুরা শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তাঁরা।
মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন মমতাজ বেগম প্রথম আলোকে বলেন, ৭ মে অনুষ্ঠেয় শালিখা উপজেলার সাতটি ইউপির ৬৮টি ভোটকেন্দ্রে ১ হাজার ১৫৬ জন আনসার-ভিডিপি সদস্য নিয়োগ দেওয়া হবে। জেলা কমান্ড্যান্ট শাহাদৎ হোসেন ছুটিতে থাকায় ঝিনাইদহের আনসার কমান্ড্যান্ট মো. আহসান উল্লাহ মাগুরার অতিরিক্ত দায়িত্বে আছেন। গত ২৫ এপ্রিল নির্বাচনে আনসার-ভিডিপি সদস্য নিয়োগের জন্য মো. আহসান উল্লাহ তাঁকে মাগুরায় ডেকে পাঠান। তিনি আনসার-ভিডিপির প্রত্যেক সদস্যের কাছ থেকে ২৫০ টাকা করে আদায়ের জন্য নির্দেশ দেন।
মমতাজ বেগম প্রথম আলোকে বলেন, ‘জেলা কমান্ড্যান্ট আমাকে বলেন, ওই টাকা থেকে আপনি ৫০ টাকা করে রাখবেন। আর আমাকে ২০০ টাকা করে দেবেন। এতে মোট আড়াই লাখ টাকা উঠবে। ওই টাকা থেকে আমি পরিচালককে ৫০ হাজার আর অতিরিক্ত পরিচালককে (মনিটর) ২০ হাজার টাকা দেব। আমার ১ লাখ ৮০ হাজার টাকা থাকবে।’