আনসার ব্যারাক ঘেরাও, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শরীয়তপুর জেলা কমান্ড্যান্টের বিরুদ্ধে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে গতকাল সোমবার শরীয়তপুর সদরের পালং বাজারের ব্যবসায়ীরা জেলা আনসার ব্যারাক ঘেরাও এবং ঢাকা-শরীয়তপুর সড়ক অবরোধ করেন।
পালং মডেল থানা ও ব্যবসায়ী সূত্র জানায়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শরীয়তপুর কার্যালয়টি পালং বাজারে অবস্থিত। কার্যালয়ের প্রবেশ পথে পণ্য পরিবহনের গাড়ি পার্কিং করা নিয়ে স্থানীয় ব্যবসায়ী আফজাল হোসেনের সঙ্গে জেলা কমান্ড্যান্ট সেলিমুজ্জামানের বাদানুবাদ হয়। গতকাল সোমবার সকালে ওই ব্যবসায়ীকে কার্যালয়ে ডেকে নেন জেলা কমান্ড্যান্ট। তখন ব্যবসায়ীকে মারধর করা হয়। এর প্রতিবাদে সকাল ১০টার দিকে বাজারের ব্যবসায়ীরা প্রতিষ্ঠান বন্ধ করে বিক্ষোভ করেন। তাঁরা লাঠিসোঁটা নিয়ে আনসার ব্যারাক ঘেরাও এবং সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-শরীয়তপুর সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশের হস্তক্ষেপে উত্তেজিত ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন।
ব্যবসায়ী আফজাল হোসেন বলেন, ‘আনসার ব্যারাকে প্রবেশ পথে আমার একটি গুদাম রয়েছে। সেখানে একটি নছিমনের পার্কিং নিয়ে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়। পরে আমাকে কার্যালয়ের ভেতরে ডেকে নিয়ে মারধর করা হয়। জেলা কমান্ড্যান্ট নিজে আমাকে মারধর করেছেন।’
পালং বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুস সালাম ব্যাপারী বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট ব্যবসায়ীকে মারধর করেছেন, এমন খবরে ব্যবসায়ীরা উত্তেজিত হয়ে পড়েন। ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেন। পরে সড়ক অবরোধ ও আনসার ব্যারাক ঘেরাও করেন। পুলিশ সুপার ও জেলা প্রশাসকের আশ্বাসের ভিত্তিতে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শরীয়তপুর কার্যালয়ে গিয়ে জেলা কমান্ড্যান্টকে পাওয়া যায়নি। মুঠোফোনে চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত ১০ বার তাঁর মুঠোফোনে ফোন করা হয়, তিনি ফোন ধরেননি।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, পুলিশ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।