আনসার-ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগর উপজেলা আনসার-ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে দুর্গাপূজায় প্রশিক্ষণ পাওয়া আনসার সদস্যদের দায়িত্ব না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর পরিবর্তে তিনি ঘুষ নিয়ে নতুন আনসার সদস্য নিয়োগ দিয়েছেন।

পূজায় পাহারার দায়িত্ব থেকে বঞ্চিত সদস্যরা আনসার-ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আরা বেগমের অনিয়মের তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গত রোববার লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগকারী আনসার সদস্যদের মধ্যে রয়েছেন গোনা গ্রামের প্রশিক্ষণ পাওয়া আনসার সদস্য জাহাঙ্গীর আলম, শামসুন নাহার, আবদুল রহমান, মাসুদ রানা, আনোয়ার হোসেন, আবদুর রাজ্জাক, আজিজার রহমান, রেহানুল ইসলাম, গোলাম মোস্তফা প্রমুখ।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, উপজেলার আটটি ইউনিয়নে পূজার দায়িত্ব থেকে বঞ্চিত প্রশিক্ষণ পাওয়া আনসার সদস্যরা দীর্ঘদিন ধরে বিজয় দিবস, শহীদ দিবস, পূজা, নির্বাচনী কর্মকাণ্ডসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু এবারের শারদীয় দুর্গাপূজায় যাচাই-বাছাই না করে গোপনে নতুন সদস্য নিয়োগ দিয়ে তাঁদের কাছ থেকে ঘুষ নিয়ে দায়িত্ব বণ্টন করেন আনসার-ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আরা বেগম। এমনকি উৎকোচ না দেওয়ায় থানা আনসার কমান্ডার সিরাজুল ইসলামকেও পূজার দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়েছে।

আনসার সদস্য জাহাঙ্গীর আলম ও শামসুন নাহার বলেন, ‘গত ২৮ মে ইউপি নির্বাচনের সময় গোনা ইউনিয়নের আনসার-ভিডিপি কমান্ডার আবু বক্কর সিদ্দিকের মাধ্যমে রওশন আরা আমাদের কাছ থেকে উৎকোচ চেয়েছিলেন। বলা হয়েছিল, যাঁরা টাকা দেবেন না, তাঁদের দায়িত্ব বাতিল করা হবে। এরই জের ধরে আমাদের পূজার দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়েছে।’

উপজেলা আনসার-ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আরা বেগম বলেন, দুর্গাপূজায় উপজেলায় ২৩৬ জন আনসার-ভিডিপির সদস্য দায়িত্ব পালন করছেন। অবশ্যই যাচাই-বাছাই করে দক্ষ সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। নিজ ইউনিয়নের আনসার কমান্ডারদের যাচাই-বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। উৎকোচ নেওয়ার যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

ইউএনও সোনিয়া বিনতে তাবিব বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’