বগুড়ার সান্তাহার পৌরসভা নির্বাচনে নিরাপত্তার জন্য নিয়োগের কথা বলে আনসার-ভিডিপির সদস্যদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। প্রশিক্ষণের নামে উপজেলা আনসার-ভিডিপি কমান্ডার এই ঘুষ নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রতিকার চেয়ে তাঁরা ইউএনওকে লিখিত অভিযোগ দিয়েছেন। ইউএনও বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
লিখিত অভিযোগে বলা হয়, উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা গুলজার হোসেন সান্তাহার পৌর নির্বাচনে নয়টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য নিয়োগ পেতে আগ্রহী আনসার-ভিডিপি সদস্যদের কাছ থেকে প্রশিক্ষণের নামে জনপ্রতি ৩০০ থেকে ৫০০ টাকা, দলপতি ও দলনেত্রীর (অস্ত্রবিহীন) ক্ষেত্রে জনপ্রতি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ এবং অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণের নামে জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা ঘুষ নিচ্ছেন। যাঁরা টাকা দিচ্ছেন না, তাঁদের নির্বাচনী দায়িত্ব দেওয়া হচ্ছে না।
গত সোমবার দুপুরে গুলজার হোসেনের কার্যালয়ে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। গতকাল বুধবার সন্ধ্যায় যোগাযোগের চেষ্টা করেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।