আনসার সদস্যকে ছুরিকাঘাত যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামায় জনতা ব্যাংকের দায়িত্বে থাকা এক আনসার সদস্যকে গত সোমবার রাতে এক যুবক ছুরিকাঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
জনতা ব্যাংকের উপজেলা শাখার ব্যবস্থাপক শোয়েবুল ইসলাম প্রথম আলোকে বলেন, আনসার সদস্য জমির উদ্দিন (৩১) নামাজ পড়তে রাত পৌনে আটটার দিকে ব্যাংকের ফটকের বাইরে যান। তখন মোহাম্মদ রবিন (২৪) নামের ওই যুবক ছুরি হাতে তাঁর ওপর অতর্কিতে হামলা করেন। তাৎক্ষণিকভাবে সরে গিয়ে জমির আত্মরক্ষা করেন। তবে কপালে সামান্য আঘাত পেয়েছেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। তখন রবিন দেয়াল টপকে ব্যাংকের ছাদে উঠে যান। পরে পুলিশ এসে তাঁকে সেখান থেকে গ্রেপ্তার করে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, আনসার সদস্য জমিরের বাড়ি চকরিয়ার হারবাংয়ে এবং হামলাকারী রবিনের বাড়ি লামার রূপসীপাড়া ইউনিয়নের মেউলার চরে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিন বলেছেন, জমির দুই বছর আগে তাঁকে মারধর করতে চেয়েছিলেন। সেই ক্ষোভ থেকে এ হামলা করেন। এ ঘটনায় রবিনের বিরুদ্ধে হত্যা-চেষ্টার মামলা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।