আনসারুল্লাহর দুই সদস্য গ্রেপ্তার: ডিবি
নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সন্দেহভাজন দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
গতকাল রোববার রাতে রাজধানীর ফরিদাবাদ ও কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয় বলে ডিবির দাবি।
ডিবির ভাষ্যমতে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মাওলানা মো. নাইম ওরফে সাইফুল ইসলাম ওরফে সাদ ও সোহেল আহম্মেদ ওরফে সোহেল।
ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে আজ সোমবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ডিবির যুগ্ম কমিশনার আবদুল বাতেন বলেন, ১৩ জুন কামরাঙ্গীরচর এলাকা থেকে এবিটির দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে নাইম ও সোহেলকে গ্রেপ্তার করা হয়। তাঁরা এবিটির ঢাকা অঞ্চলের দাওয়াতি শাখার নেতা।
বিশেষ অভিযানের পর পুলিশ জঙ্গিদের চক্র ভাঙতে পেরেছে কি না—সাংবাদিকের এমন প্রশ্নে আবদুল বাতেন বলেন, চক্র তো হাঁড়ি না যে ভেঙে ফেলা যাবে। অনেক তথ্য সংগ্রহ করা হয়েছে। অনেক আসামি শনাক্ত হয়েছে। কিন্তু সবাই গ্রেপ্তার হয়নি।