আনসারুল্লাহ বাংলা টিম পরিচয়ে মেয়রকে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আশরাফুল আজমকে আনসারুল্লাহ বাংলা টিম পরিচয়ে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় গতকাল সোমবার তিনি শৈলকুপা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
কাজী আশরাফুল আজম বলেন, গত রোববার সকাল সাড়ে আটটায় তাঁর মুঠোফোনে একটি কল আসে। ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, ‘করাচি থেকে বলছি, আমি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। আপনি মুসলমান, আমিও মুসলমান। আমরা বাংলাদেশকে ইসলামি রাষ্ট্র বানাতে চাই। আপনি আওয়ামী লীগ করেন। পার্টির পক্ষ থেকে আপনাকে হত্যার আদেশ হয়েছে। আপনাকে হত্যা করা হবে।’ এরপর তিনি সংযোগ কেটে দেন।
শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম বলেন, মেয়র কাজী আশরাফুল আজম একটি জিডি করেছেন। মুঠোফোনে হত্যার হুমকির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।