আনসারুল্লাহ বাংলা টিমের আঞ্চলিক প্রধান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনসারুল্লাহ বাংলা টিমের আঞ্চলিক প্রধান জাহিদ হাসান ওরফে আবু জায়েদ আল আনসারকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ছবি: মঈনুল ইসলাম
আনসারুল্লাহ বাংলা টিমের আঞ্চলিক প্রধান জাহিদ হাসান ওরফে আবু জায়েদ আল আনসারকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ছবি: মঈনুল ইসলাম

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা আজ বৃহস্পতিবার রংপুর শহরের কেরানীপাড়া এলাকা থেকে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের আঞ্চলিক প্রধান জাহিদ হাসান ওরফে আবু জায়েদ আল আনসারকে (২৫) গ্রেপ্তার করেছে।
রংপুর র‍্যাব-১৩-এর অধিনায়ক এ টি এম আতিকুল্যাহ আজ বিকেলে র‍্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান। এ সময় জাহিদ হাসানকে হাজির করা হয়।

র‍্যাব-১৩-এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার জাহিদ হাসানের নেতৃত্বে কয়েকজন সদস্য প্রাথমিকভাবে জঙ্গি মতবাদে উদ্বুদ্ধ হয়ে অনলাইনে সংগঠিত হন। তাঁরা পরস্পরের মাধ্যমে বিশ্বাস স্থাপনের পর গ্রেপ্তার জাহিদ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের উত্তরাঞ্চলের প্রধান মনোনীত হন। এ ছাড়া দলের সদস্যদের মধ্যে তাঁরা বিভিন্ন দায়িত্ব বণ্টন করেন। তাঁদের একজন সদস্য সবাইকে একত্র করার জন্য স্থান নির্বাচন ও বাসা ভাড়া করেন। অপর একজন সদস্য বিভিন্ন দেশীয় অস্ত্র সংগ্রহ করেন। তাঁদের পরিকল্পনা ছিল নতুন আবাসস্থলে একত্র হয়ে নতুন করে হামলা চালানো। জাহিদ ইন্টারনেটসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে যোগাযোগ করে বোমা তৈরির কৌশল শেখেন।

তবে র‍্যাবের বিজ্ঞপ্তিতে জাহিদের সহযোগী অন্য কারও নাম উল্লেখ করা হয়নি।