ইরাক ও সিরিয়াভিত্তিক উগ্রপন্থী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) জন্য কর্মী সংগ্রহ করতে যুক্তরাজ্যপ্রবাসী এক বাংলাদেশি ছয় মাস ধরে বাংলাদেশে অবস্থান করছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবি দাবি করেছে, জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্য গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এই তথ্য দিয়েছেন।
গত বুধবার রাতে রাজধানীর সেগুনবাগিচা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য আসিফ আদনান এবং ইস্কাটন থেকে ফজলে এলাহী তানজিলকে গ্রেপ্তার করে ডিবি। তাঁদের কাছ থেকে একটি কম্পিউটার, তিনটি মুঠোফোন, দুটি পেনড্রাইভ ও তিনটি সিডি উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া আসিফ আদনান সাবেক একজন বিচারপতির ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর পাস করেছেন। ফজলে এলাহী এ লেভেল পাস করেছেন। তাঁর মা যুগ্ম সচিব, বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে রয়েছেন।
ডিবি বলেছে, যুক্তরাজ্যপ্রবাসী ওই বাংলাদেশি আইএসের জন্য কর্মী সংগ্রহ করতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) ও আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিদের সঙ্গে ইতিমধ্যে একাধিক বৈঠক করেছেন। জঙ্গিদের অনেকেই তাঁর মাধ্যমে আইএসে যোগ দেওয়ার জন্য নানা প্রস্তুতি নিয়েছে। বুধবার গ্রেপ্তার হওয়া দুজন এসব তথ্য দিয়েছেন। তাঁদের বিরুদ্ধে রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিনের করে রিমান্ড মঞ্জুর করেন।
আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে গ্রেপ্তারের বিষয়ে গতকাল দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিন্টো রোডের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন ডিএমপির (ডিবি) যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসিফ ও ফজলে এলাহী সহযোগীদের নাম জানিয়েছেন। তাঁদের মধ্যে একজন হলেন যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইএস জঙ্গিদের নেটওয়ার্ক শক্তিশালী করে জঙ্গি তৎপরতা ও সশস্ত্র জিহাদের মাধ্যমে ইসলামি শরিয়াভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রবর্তনের মিশন নিয়ে সম্প্রতি তিনি দেশে এসেছেন। তাঁর নেতৃত্বেই জঙ্গিরা আইএসে যোগ দিয়ে জিহাদ করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। গ্রেপ্তার দুজন বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক তৈরি করে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টি করে বর্তমান সরকারকে উৎখাতের পরিকল্পনা করছিলেন।
ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, জঙ্গি সংগঠন আল-কায়েদার প্রধান আইমান আল জাওয়াহিরির বক্তব্যে অনুপ্রাণিত হয়ে এ দেশে ‘আকিস’ বা আল-কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের নেটওয়ার্ক গড়ার চেষ্টা চালাচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম। এই বাংলা টিমের সক্রিয় সদস্য আসিফ ও ফজলে এলাহী। তাঁরা সিরিয়ায় ‘নুসরা ব্রিগেডে’ প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে সশস্ত্র যুদ্ধ পরিকল্পনার কথা স্বীকার করেছেন।
সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ডিবির তিন উপকমিশনার মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর, কৃষ্ণপদ রায়, শেখ নাজমুল আলম, ডিএমপির গণমাধ্যম বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান ও ডিবির অতিরিক্ত উপকমিশনার মো. সাইফুল ইসলাম।