আনসারুল্লাহ সন্দেহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সন্দেহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়। গত বুধবার দুপুরে নগরের বাকলিয়া এলাকার একটি মেস থেকে দুজনকে আটক করা হয় বলে জানায় ডিবি।

গ্রেপ্তার করা দুজন হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র নিজাম উদ্দিন ও পোশাককর্মী রোকন উদ্দিন। অবশ্য নিজামের পরিবারের দাবি, গত রোববার বিকেলে সাদাপোশাকধারী লোকজন বাকলিয়ার বড়মিয়া মসজিদ-সংলগ্ন একটি বাসা থেকে তাঁকে হাতকড়া পরিয়ে তুলে নিয়ে যান। ওই ভাড়া বাসায় নিজাম ও তাঁর ভাই আব্বাস উদ্দিন থাকতেন। এ ঘটনায় গত বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁর পরিবার। নিজাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি এলএলবি পরীক্ষা দিয়েছেন। এখনো পরীক্ষার ফল প্রকাশিত হয়নি।

এদিকে গতকাল সন্ধ্যায় গ্রেপ্তার দুজনকে চট্টগ্রাম আদালতে আনা হয়। পরে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ হারুন অর রশিদ। তাঁদের জিজ্ঞাসাবাদ করতে আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। রিমান্ড শুনানির জন্য আগামী রোববার আদালত দিন ধার্য রেখেছেন বলে জানান চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী।