আনসারুল্লাহর নামে চিঠি পাঠিয়ে হুমকি
সুপ্রিম কোর্টের আইনজীবী মন্জিল মোরসেদকে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের নামে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গতকাল রোববার সকালে এ চিঠি পাওয়ার পর তিনি রাজধানীর নিউমার্কেট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিউমার্কেট থানার পুলিশ বলেছে, গতকাল সকালে আইনজীবী মনজিল মোরসেদের পরিবারের সদস্যরা মিরপুর রোডে তাঁদের বাসার সামনে একটি খাম পান। খাম খুলে ভেতরে একটি চিঠি দেখেন। ওই চিঠিতে লেখা রয়েছে, ‘হারাম উপার্জনের সময় শেষ, দিন গণনা শুরু কর।’ কাগজটির নিচে লেখা আছে, আনসারুল্লাহ বাংলা টিম।
সন্ধ্যায় নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরাফাতুল ইসলাম জিডি হওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, পুলিশ আগে থেকেই মনজিল মোরসেদের বাসায় নিরাপত্তা দিয়ে আসছে। এ ঘটনার পর নিরাপত্তা বাড়ানো হয়।
পুলিশ কর্মকর্তারা জানান, মনজিল মোরসেদের চিঠির সূত্র ধরে পুলিশ তদন্ত করেছে। এসব চিঠি আদৌ জঙ্গি সংগঠনের কাছ থেকে আসছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এর আগে বিভিন্ন ব্যক্তিকে হুমকি দিয়ে যেসব চিঠি ও খুদে বার্তা পাঠানো হয়েছিল, তা কোনো জঙ্গি সংগঠনের ছিল না।