নিষিদ্ধ ও জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান দাবি করে কক্সবাজারের চকরিয়ায় দুই ব্যাংক কর্মকর্তার কাছে চাঁদা চাওয়া হয়েছে। টাকা না দিলে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়। এ ঘটনায় এক ব্যাংক কর্মকর্তা গতকাল বুধবার চকরিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে পুলিশ বলছে, এটি প্রতারক চক্রের কাজ। মাদারীপুর থেকে মুঠোফোনে হুমকি দেওয়া হয়েছে বলে জানতে পেরেছে পুলিশ।
মুঠোফোনে হুমকি পাওয়া একজন ব্যাংক কর্মকর্তা বলেন, নিজেকে আনসারুল্লাহ বাংলা টিমের বাংলাদেশের প্রধান দাউদ খান দাবি করে গতকাল বুধবার ও গত মঙ্গলবার তিনটি মুঠোফোন নম্বর থেকে মোট চারবার তাঁকে ফোন করা হয়েছে। বিভিন্ন ঘটনায় আহত দলের সদস্যদের চিকিৎসার জন্য ভারতে নিতে তাঁর কাছে লাখ টাকা চাঁদা দাবি করা হয়। গতকাল ফোন করার পর তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে হত্যার হুমকি দেন ওই ব্যক্তি।
আরেক ব্যাংক কর্মকর্তা বলেন, গত মঙ্গলবার বাংলা টিমের প্রধান দাবি করে এক ব্যক্তি ফোন দিয়ে চাঁদা দাবি করেন। তিন মাস আগেও মুঠোফোনে তাঁর কাছে চাঁদা দাবি করা হয়।
জানতে চাইলে কক্সবাজারের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল-চকরিয়া) মোহাম্মদ মাসুদ আলম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, হুমকিদাতার ফোন নম্বর ট্রেকিং করে দেখা গেছে, মাদারীপুর জেলার রাজৈর উপজেলা থেকে ফোনগুলো করা হয়েছে। বিষয়টি সেখানকার পুলিশ কর্মকর্তাদের জানানো হয়েছে। তিনি বলেন, ‘প্রতারণা করতেই কেউ ফোন করে থাকতে পারেন। তারপরও পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে।’