আনসারুল্লাহর প্রধানসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীমউদ্দিন রাহমানীসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই অভিযোগপত্র দেওয়া হয়।
অভিযোগপত্রে বলা হয়েছে, রাহমানী তাঁর বয়ানে ও খুতবায় ব্লগারদের কতল (খুন) করতে তাঁর অনুসারীদের উৎসাহিত ও উদ্বুদ্ধ করেন। রাজধানীর মোহাম্মদপুর থানায় গত বছরের ১২ আগস্ট এই মামলা করেছিল ডিবি পুলিশ।
মামলার তদন্ত-তদারক কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ১৩ মাস তদন্ত শেষে মুফতি রাহমানী ও তাঁর নয়জন অনুসারীর বিরুদ্ধে এই অভিযোগপত্র দেওয়া হলো। রাহমানী গ্রেপ্তার হওয়ার আগে মোহাম্মদপুরের বছিলা রোডের মেট্রো হাউজিংয়ে তাঁর পরিচালিত মসজিদে জুমার নামাজের খুতবায় সশস্ত্র জিহাদের জন্য একে-৪৭ রাইফেল কেনার জন্য তহবিল সংগ্রহের প্রস্তাব দিয়েছিলেন। ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে ডিবি জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সন্ধান পায়।
গত বছরের ১১ আগস্ট বরগুনা শহরের উপকণ্ঠ দক্ষিণ খাজুরতলা এলাকায় রাহমানীর বড় ভাইয়ের বাড়িতে বৈঠক করার সময় বরগুনা থানার পুলিশ রাহমানী ও তাঁর ৩০ সহযোগীকে গ্রেপ্তার করে। পরে তাঁকে নিয়ে তাঁর পরিচালিত বছিলা রোডের ওই মাদ্রাসা ও মসজিদে অভিযান চালিয়ে বোমা তৈরির উপকরণ, অস্ত্রের ছবি উদ্ধার করে ডিবি পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, রাহমানী ছাড়া অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন: মো. সাইফুল ইসলাম ওরফে প্রিন্স, আবু হানিফ, আমিনুল ইসলাম, জাহিদুর রহমান, আলী আহমেদ, আবদুল্লাহ আল আসাদুল্লাহ ওরফে পিয়াস, জুন্নুন শিকদার, রেজোয়ান শরীফ ও নাঈমুল হাসান।
কার বিরুদ্ধে কী অভিযোগ: তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযোগপত্রে বলা হয়েছে, আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি রাহমানী তাঁর বয়ানে মহানবী (সা.) ও ধর্ম অবমাননাকারী ব্লগারদের খুন করতে প্ররোচিত করেন। তাঁর নেতৃত্বে ও সাহচর্যে তাঁর অনুসারীরা ওয়েবসাইটে উগ্রপন্থী বয়ান প্রচার করে যুবসমাজ ও সাধারণ মানুষকে জঙ্গি তৎপরতায় উৎসাহিত ও প্ররোচিত করে দেশের সার্বভৌমত্ব বিপন্ন করার ষড়যন্ত্রে যুক্ত ছিলেন।
সাইফুল ইসলাম ও আবু হানিফের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা রাহমানীর বিভিন্ন প্রকার উগ্র জিহাদি বয়ান, বই, অডিও ও ভিডিও আপলোড করতেন। আপলোড করা তথ্য তাঁদের অনুসারীসহ অন্যরা ইন্টারনেটের মাধ্যমে ডাউনলোড করেন। এভাবে তাঁরা রাহমানীর উগ্র জিহাদি মতবাদ সংরক্ষণ ও প্রচারে সহায়তা করেছেন।
রাহমানীর খুতবার উগ্রপন্থী বয়ান অডিও-ভিডিওতে ধারণ ও প্রচার করার ব্যবস্থা করতেন জাহিদুর। আলী আসাদ খুতবা ও বয়ানের ভিডিওচিত্র ধারণ করে রাহমানীর উগ্রপন্থী কর্মকাণ্ডে সহায়তা করেছেন। পিয়াস, আমিনুল, জুন্নুন শিকদার, রেজোয়ান শরীফ, নাঈমুল হাসান হলেন রাহমানীর অনুচর।