আনসারুল্লাহর সদস্য সন্দেহে গ্রেপ্তার ৫ জনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সন্দেহে গ্রেপ্তার পাঁচ শিক্ষার্থীর তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ আবদুল কাদের শুনানি শেষে এ আদেশ দেন।

পাঁচ শিক্ষার্থী হলেন চট্টগ্রাম কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র আক্কাস আলী ওরফে জাহেদুল ইসলাম, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের এমকমের ছাত্র আতিকুল হাসান, ওমরগণি এম ই এস কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র জামশেদুল আলম, বেসরকারি সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. রুবেল ও একটি মাদ্রাসার প্রাক্তন ছাত্র মো. মহিউদ্দিন।

গত রোববার রাতে নগরের পতেঙ্গা কাঠগড় এলাকার একটি ভাড়া বাসা থেকে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয় বলে জানায় নগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় পতেঙ্গা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

অতিরিক্ত চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. নোমান চৌধুরী প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করতে মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের এসআই আফতাব হোসেন ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

তবে আসামি জামশেদের আইনজীবী নাজিম উদ্দিন শুনানিতে আদালতকে বলেন, গত ২৭ জুলাই হাটহাজারীর আমান বাজার থেকে জামশেদকে আটক করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের এসআই আফতাব হোসেন গতকাল বিকেলে বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদ করতে বুধবার (আজ) কারাগার থেকে আনা হবে।