আনসারুল্লাহর 'শরিয়া বোর্ডের' সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হাফেজ মাওলানা মো. মাকসুদুর রহমান ওরফে আবদুল্লাহ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ বলছে, মাকসুদুর রহমান নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) নীতিনির্ধারণী ‘শরিয়া বোর্ডের’ সদস্য।
গতকাল শনিবার ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান মনিরুল ইসলাম সংবাদ ব্রিফিং করে এ তথ্য জানান। তিনি বলেন, আনসারুল্লাহ বাংলা টিমের কথিত শরিয়া বোর্ডে পাঁচজন সদস্য রয়েছেন। এর আগে মাওলানা নাঈম নামের আরেকজন শরিয়া বোর্ডের সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছিল। সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত ও পলাতক মেজর জিয়াউল হকও আনসারুল্লাহর শরিয়া বোর্ডের সদস্য বলে গ্রেপ্তার মাকসুদুর তথ্য দিয়েছেন।
এদিকে মাকসুদুরকে কবে গ্রেপ্তার করা হয়েছে, তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। মনিরুল ইসলাম বলেছেন, মাকসুদুরকে শুক্রবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী থানার বায়তুস সালাহ সুরুজ মিয়া জামে মসজিদের সামনে থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। এ সময় তাঁর এক সহযোগী পালিয়ে যায়।
আর ময়মনসিংহের ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাত দিয়ে প্রথম আলোর ময়মনসিংহ অফিস জানায়, ফুলপুর থেকে গত ১৬ মার্চ রাতে মাকসুদুর রহমানকে আটক করা হয়। তিনি ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদে ইমামতি করতেন। তাঁর বাড়ি হালুয়াঘাট উপজেলার আশ্রমপাড়া গ্রামে।
১৭ মার্চ ফুলপুর থানার ওসি আলী আহম্মেদ মোল্লা প্রথম আলোকে বলেছিলেন, ঢাকা থেকে আসা গোয়েন্দা পুলিশের একটি দল মাকসুদুর রহমানকে আটক করে ঢাকায় নিয়ে গেছে।
এদিকে বেলা তিনটার দিকে মাকসুদুরকে ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলামের আদালতে তুলে দশ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। তখন মাকসুদুর রহমান এবং তাঁর আইনজীবী আদালতকে বলেন যে তাঁকে ২২ দিন আগে পুলিশ আটক করেছিল। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মাকসুদুরের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতকালের সংবাদ ব্রিফিংয়ে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, মাকসুদুর রহমান ২০০৭ সালে ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় ভর্তি হন। ২০১৪ সালে তিনি মাওলানা নাঈমের মাধ্যমে আনসারুল্লাহর সঙ্গে যুক্ত হন। ২০১৫ সালে সংগঠনের শরিয়া বোর্ডের সদস্য হন। শরিয়া বোর্ডের অনুমোদন ছাড়া আনসারুল্লাহ কোনো হত্যাকাণ্ড ঘটায়নি।