আনসারের গুলিতে সহকর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় মো. রফিকুল ইসলাম (৩৫) নামের এক আনসার সদস্যের গুলিতে অপর আনসার সদস্য নায়েক আমির হোসেন (৫৫) নিহত হয়েছেন। আজ শুক্রবার দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের আলী নগর এলাকার চৌধুরী টিলা ৩৪ নম্বর আনসার পোস্টে এ ঘটনা ঘটে।

আমির হোসেন খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং এলাকার রজ্জব আলীর ছেলে। এ ঘটনার পর মো. রফিকুল ইসলাম একটি রাইফেল ও ৮০টি গুলি নিয়ে পালিয়ে গেছেন। রফিকের বাড়িও পানছড়ি উপজেলার ভোগাব এলাকার। তিনি মঙ্গল মিয়ার ছেলে। তবে তিনি বর্তমানে মাটিরাঙা উপজেলার বলিভিয়া এলাকায় বসবাস করেন।
সরেজমিন আলী নগর এলাকার চৌধুরী টিলা ৩৪ নম্বর আনসার পোস্টে গিয়ে আনসার সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ বেলা সাড়ে ৩টার দিকে মো. রফিকুল ইসলাম দায়িত্ব পালন শেষে ঘুমাতে যান। এ সময় দায়িত্ব পালনকারী অপর সদস্য মো. হাশিম অন্য আনসার সদস্যদের নিয়ে পাহারার দায়িত্ব বণ্টন করছিলেন। হঠাৎ রফিকুল ইসলাম ঘুম থেকে উঠে আনসার সদস্যদের গালাগালি শুরু করেন। এ সময় আনসার সদস্য হাশিম গালাগালি করতে নিষেধ করলে রফিকুল ইসলাম তাঁকে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়ে পোস্টের ঘরের ভেতরে গিয়ে অস্ত্র নিয়ে আসেন। এ নিয়ে আনসার সদস্যদের বাগ্‌বিতণ্ডার আওয়াজ শুনে ক্যাম্পের দায়িত্বে থাকা নায়েক আমির হোসেন রফিকুল ইসলামকে শান্ত¯করার চেষ্টা করেন। এ সময় রফিকুল ইসলাম আমির হোসেনকে লক্ষ্যে করে গুলি ছোড়েন। ঘটনাস্থলেই আমির হোসেন মারা যান। আনসার সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করলে রফিকুল ইসলাম তাদেরও হত্যার হুমকি দিয়ে দুইটি ফাঁকা গুলি ছোড়েন। পরে সঙ্গে থাকা থ্রি নট থ্রি রাইফেল ও ৮০টি গুলিসহ জঙ্গলে পালিয়ে যান রফিকুল।
দীঘিনালা সেনা চিরন্তন আটাশের অধিনায়ক লে. কর্নেল মহসিন রেজা, জেলা আনসার ও ভিডিপির উপপরিচালক আবদুল মজিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে জানতে চাইলে আনসার সদস্য মো. হাশেম প্রথম আলো বলেন, ‘চৌধুরী টিলা পোস্টে আমরা নয়জন সদস্য দায়িত্বরত আছি। দুজন ছুটিতে থাকায় শুক্রবার আমরা সাতজন দায়িত্বে ছিলাম। রফিকুল ইসলাম শুক্রবার দুপুরে দায়িত্ব পালন শেষে ঘুমাতে যান। পরে আমি দায়িত্ব গ্রহণ করি। এ সময় অপর সদস্যদের নিয়ে দায়িত্ব বণ্টন করার সময় হঠাৎ সে ঘুম থেকে উঠে আমাদের গালাগালি শুরু করেন। আমাদের ক্যাম্পের দায়িত্ব থাকা নায়েক আমির হোসেন তাঁকে শান্ত করার চেষ্টা করলে সে গুলি করে নায়েককে হত্যা করে। আমাদেরও গুলি করে হত্যার হুমকি দিলে আমরা পালিয়ে আত্মরক্ষা করি। এ সময় সে অস্ত্র ও ৮০টি গুলিসহ জঙ্গলে পালিয়ে যায়।’
এ ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত জেলা আনসার ও ভিডিপির উপপরিচালক আবদুল মজিদ প্রথম আলোর কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি। সরেজমিন যা পেয়েছি তা তিনি লিখতে বলেন।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো বলেন, গুলিতে নিহত আনসার নায়েকের লাশ উদ্ধার করা হয়েছে। থ্রি নট থ্রি রাইফেল ও ৮০টি গুলিসহ পালিয়ে যাওয়া আনসার সদস্য রফিকুল ইসলামকে গ্রেপ্তারে অভিযান চলছে।