আনু মুহাম্মদকে হত্যার হুমকি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।গত বুধবার দিবাগত রাত একটার দিকে একটি মুঠোফোন নম্বর থেকে পাঠানো একটি খুদে বার্তায় (এসএমএস)
এই হুমকি দেওয়া হয়। খুদে বার্তায় লেখা ছিল, ‘ডেথ কিপস নো ক্যালেন্ডার, অ্যান্ড আনসাতুল্লাহ নোজ নো টাইম’। গতকাল বৃহস্পতিবার এ ঘটনায় রামপুরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার সময় তাঁর মুঠোফোনে একই ধরনের আরেকটি খুদে বার্তা আসে বলে জানিয়েছে পুলিশ।
জানতে চাইলে আনু মুহাম্মদ গতকাল প্রথম আলোকে বলেন, বুধবার রাতে তাঁর মুঠোফোনে হুমকি দিয়ে ওই বার্তা আসে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ রাজধানীর রামপুরা থানাধীন এলাকায় থাকেন।
যোগাযোগ করা হলে রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) কাজী শাহান হক রাত সাড়ে ১১টার দিকে প্রথম আলোকে বলেন, রাত নয়টায় অধ্যাপক আনু মুহাম্মদ ওই ঘটনায় থানায় জিডি করেছেন। জিডি করার সময় তাঁর মুঠোফোনে একই ধরনের হুমকি দিয়ে আরেকটি খুদে বার্তা আসে। হুমকিদাতা বা হুমকিদাতাদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।