আনু মুহাম্মদকে হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তারের দাবি

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদকে হত্যার হুমকিদাতাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা শাখা। গতকাল সোমবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি চলাকালে সংগঠনটির জেলা আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, পাঁচ দিনেও অধ্যাপক আনু মুহাম্মদকে হত্যার হুমকিদাতাকে গ্রেপ্তার না করা সরকারের অনৈতিকতার বহিঃপ্রকাশ। কারণ, দেশে এখন চালু থাকা সব মুঠোফোনের নম্বরই নিবন্ধিত। সুতরাং এ নম্বর শনাক্ত করতে না পারার কোনো কারণ নেই।
রফিউর রাব্বি বলেন, রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পক্ষে যুক্তি-প্রমাণ দিতে ব্যর্থ হয়ে সরকার সুন্দরবন রক্ষার আন্দোলনকারীদের দমনের পথ বেছে নিয়েছে। দেশ ও দেশের বাইরের সব যুক্তি, মতামতকে অগ্রাহ্য করে রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সরকারি প্রক্রিয়া উন্মত্ততার পর্যায়ে পৌঁছেছে। আনু মুহাম্মদকে হত্যার হুমকিদাতাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।
রফিউর রাব্বির সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন খেলাঘর জেলার সভাপতি রথীন চক্রবর্তী, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য জাকির হোসেন প্রমুখ।