আনোয়ারায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান
চট্টগ্রামের আনোয়ারার বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন ও আবাদি জমির মাটি বিক্রির বিরুদ্ধে গতকাল শনিবার অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, গতকাল সকালে উপজেলার বরকল সেতু এলাকায় ড্রেজার দিয়ে বালু তোলার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ অভিযান চালিয়ে বিভিন্ন মালামাল জব্দ করেন। এ ছাড়া বিলপুর এলাকায় মাটি কাটার সময় একটি এক্সকাভেটরের মালিককে ১০ হাজার টাকা ও ৩টি ট্রাকের মালিককে ৩ হাজার টাকা এবং কাফকো এলাকায় ভোক্তা-অধিকার আইনে কয়েকজন দোকানিকে ১২ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।
সিইউএফএল সড়ক দখল করে বালু ব্যবসা করার দায়ে মো. ফারুক, আবদুর রহিম, মো. শাহাবুদ্দিন ও বাবুল নামের ৪ ব্যক্তিকে পাঁচ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাসুদুর রহমান। এ সময় ভোক্তা অধিকার আইনে দুজন দোকানিকে ৫ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।
ইউএনও গৌতম বাড়ৈ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।