আনোয়ারায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩
চট্টগ্রামের আনোয়ারায় আওয়ামী লীগের সদ্য ঘোষিত উপজেলা কমিটির নেতা-কর্মীদের দুই পক্ষের মারামারি ও সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার প্রয়াত সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবরে মালা দিতে গিয়েই এ সংঘর্ষ হয়।
জানা গেছে, ১২ অক্টোবর আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে কাজী মোজাম্মেল হককে সভাপতি ও এম এ মান্নান চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়। মূলত ওই দুজন দুই ঘরানার হওয়ায় তাঁদের কর্মীদের মধ্যে দীর্ঘ সময় ধরে দূরত্ব বজায় ছিল। আর তারই রেশ ধরে গতকাল উপজেলার হাইলধরে প্রয়াত সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবরে মালা দিতে গিয়েই তাঁদের দুই পক্ষের লোকজন প্রথমে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে আনোয়ারা কলেজ গেটে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়লে সেখানে আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন আহমদ চৌধুরীসহ অন্তত তিনজন আহত ও পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।