আনোয়ারায় ইটের আঘাতে বৃদ্ধ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় ইটের আঘাতে রাজ্জাক নূর (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বৈরাগ ইউনিয়নের খোট্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, জায়গা-জমি নিয়ে খোট্টাপাড়া এলাকায় দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলায়ও জড়ায়। এরই ধারাবাহিকতায় গতকাল সকালে দুপক্ষের মধ্যে মারামারি হয়। এ সময় ইটের আঘাতে রাজ্জাক নূর নিহত হন।

রাজ্জাক নূরের ছেলে রাশেদ নূর প্রথম আলোকে বলেন, ‘সকাল সাড়ে আটটার সময় ঘরের পেছনে এসে মেহেদী হাসান নামের এক ব্যক্তিসহ ১০-১২ জন আমার বাবার কাছে আমি কোথায় সেটা জানতে চায়। সে সময় আমি ঘটনাস্থলে গেলে তারা আমাদের ওপর হামলা চালায়। এ সময় ইটের আঘাতে বাবার মৃত্যু হয়।’

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, ‘তাঁদের সঙ্গে বিরোধ আছে সত্য, তবে আমরা মারামারিতে ছিলাম না।’ তিনি বলেন, তিনি সকালে ঘটনা সম্পর্কে জেনেছেন। ঘটনার সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই।

বৈরাগ ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল আবছার বলেন, খুনের ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।