আনোয়ারায় কাত্যায়নী মূর্তিসহ নয়টি মূর্তি চুরি
চট্টগ্রামের আনোয়ারার একটি পারিবারিক মন্দির থেকে দেড় শ বছরের পুরোনো কাত্যায়নী মূর্তিসহ নয়টি পিতলের মূর্তি চুরি হয়েছে। উপজেলার হাইলধর ইউনিয়নের গুজরা গ্রামের কিরীটীবাপের বাড়িতে গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আনোয়ারা থানা ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে উপজেলার হাইলধর ইউনিয়নের গুজরা গ্রামের কিরীটীবাপের বাড়ির একটি পারিবারিক মন্দির থেকে চোরেরা নয়টি পিতলের মূর্তি চুরি করে নিয়ে যায়। মূর্তিগুলো হলো একটি কাত্যায়নী, একটি গোপাল ও বাকিগুলো লক্ষ্মী-নারায়ণের। চোরেরা এ সময় আরও পাঁচটি পাথরের মূর্তি পুকুরপাড়ে ফেলে যায়।
চুরির ঘটনায় গতকাল বুধবার দুপুরে থানায় একটি অভিযোগ করা হলে পুলিশ ও সনাতন ধর্মীয় নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই বাড়ির মালিক ও নগরের সদরঘাট থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্যামল দাশগুপ্ত প্রথম আলোকে বলেন, ‘আমাদের মন্দিরের নয়টি পিতলের মূর্তি চুরি হয়েছে। তার একটি কাত্যায়নী মূর্তিটি দেড় শ বছরের পুরোনো। চোরেরা আরও পাঁচটি পাথরের মূর্তি পুকুরপাড়ে ফেলে চলে যায়।’ আনোয়ারা থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই মো. আলম বলেন, মন্দিরে চুরির ব্যাপারে থানায় অভিযোগ হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আনোয়ারা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।