আনোয়ারায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় খেলার মাঠ দখল নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে দুটি মোটরসাইকেল ও কয়েকটি দোকান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শতাধিক রাবার বুলেট ছোড়ে। ঘটনাস্থল থেকে আটজনকে আটক করা হয়। গতকাল রোববার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলার হাইলধর ইউনিয়নের পীরখাইন আশরফ আলী উচ্চবিদ্যালয়ের খেলার মাঠটি ব্যবহার করা নিয়ে দীর্ঘদিন ধরে পীরখাইন ও তেকোটা গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধ চলে আসছিল। সর্বশেষ গত বৃহস্পতিবার দুই গ্রামের লোকজনকে নিয়ে একটি সালিস বৈঠকও হয়। এতে সমঝোতার ভিত্তিতে মাঠ ব্যবহারের সিদ্ধান্ত হয়। কিন্তু গতকাল সকালে পীরখাইন রাস্তার মাথায় দুই গ্রামের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া থেকে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনোয়ারা ও চন্দনাইশ থানার পুলিশের সঙ্গে অতিরিক্ত পুলিশ যোগ দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শতাধিক রাবার বুলেট ছুড়লে ছত্রভঙ্গ হয় সংঘর্ষকারীরা। এ সময় আটজনকে আটক করা হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন।
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা গোলাম মোস্তফা জামাল প্রথম আলোকে জানান, আহত আটজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শামীম হোসেন প্রথম আলোকে বলেন, খেলার মাঠ দখল নিয়ে মূলত সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক রাবার বুলেট ছোড়া হয়। ঘটনাস্থল থেকে আটক আটজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।