আনোয়ারায় দুই শিক্ষকের বাসার সামনে ককটেল বিষ্ফোরণ!
চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেডের (সিইউএফএল) সংরক্ষিত এলাকায় আবাসিকের ভেতরে দুই শিক্ষকের বাসার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, শনিবার রাত ১০টার পর সিইউএফএল কলেজের ইংরেজির শিক্ষক প্রণয় কান্তি নাথ ও কলেজ শাখার বাংলার সহকারী অধ্যাপক শ্যামল কান্তি দত্তের বাসার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
সূত্র জানায়, গত শুক্রবার জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে শ্যামল কান্তি দত্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তা ছাড়া দুজনই বিভিন্ন সময় মৌলবাদবিরোধী লেখা লিখতেন বলে জানা গেছে। শ্যামল কান্তি দত্ত প্রথম আলোকে বলেন, ‘কলেজে অনুষ্ঠিত ১৫ আগস্টের অনুষ্ঠানে আহ্বায়ক ছিলাম, জানি না, সে কারণে বাসার সামনে ককটেল বিস্ফোরিত হলো কি না।’
শিক্ষক প্রণয় কান্তি নাথ বলেন, ‘আমি পরিবার-পরিজন নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে নিরাপত্তাহীনতায় আছি।’ প্রণয় কান্তি নাথ আরও জানান, বাসার সামনে এ রকম ঘটনা গত ঈদের সময়ও ঘটেছে। চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেডের আবাসিকে দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তা শহিদুল আলম বলেন, ‘আমরা ঘটনার পর থেকেই বিভিন্নভাবে খোঁজ নিচ্ছি।’