আনোয়ারায় বন বিভাগের গাছ কেটে দোকান নির্মাণ!

চট্টগ্রামের আনোয়ারায় বন বিভাগের গাছ কেটে বেড়িবাঁধের ওপর অবৈধভাবে দোকানঘর নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার রায়পুরের চুন্নাপাড়ার গোদারপুল এলাকায় ওই দোকানঘর নির্মাণ করা হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, গোদারপুল এলাকায় পাউবোর বেড়িবাঁধের ওপর চার কক্ষের একটি পাকাঘর নির্মাণের কাজ চলছে। ইতিমধ্যে ঘরটির তিন পাশে দেয়ালও ওঠে গেছে।
স্থানীয় সূত্রের অভিযোগ, ঘরটি নির্মাণের আগে বন বিভাগের ১৬টি ঝাউগাছ কেটে ফেলা হয়েছে। এ ব্যাপারে মুখ্য বিচারিক হাকিমের আদালতে গত ৯ ডিসেম্বর অভিযোগ করেছে বন বিভাগের বন্দর বিট। এ ছাড়া গত ১৩ ডিসেম্বর স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছেও অভিযোগ করেছেন স্থানীয় ব্যক্তিরা।
জানতে চাইলে বন বিভাগের বন্দর বিট কর্মকর্তা সাধন কান্তি বণিক প্রথম আলোকে বলেন, ‘১৬টি গাছ কেটে দোকানঘর বানানো হচ্ছে। তাই আমরা বন আইনে মুখ্য বিচারিক হাকিমের আদালতে অভিযোগ করেছি।’
স্থানীয় সূত্র জানায়, নুরুল অজিজ চৌধুরী নামের এক ব্যক্তি এসব ঘর নির্মাণ করছেন। এ ব্যাপারে তিনি প্রথম আলোকে বলেন, ‘সরকার চাইলে ঘর ভেঙে ফেলব।’
পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মুজিবুর রহমান বলেন, ‘পাউবোর জায়গা কেউ দখল করে থাকলে আমরা খোঁজ নিয়ে পদক্ষেপ নেব।’