আনোয়ারায় ব্যবহার বাড়ছে পলিথিনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারার হাটবাজারে পলিথিনের ব্যবহার বাড়ছে। ক্রেতা-বিক্রেতারা অবাধে এটি ব্যবহার করলেও প্রশাসনের কোনো নজরদারি নেই।
জানা গেছে, পরিবেশ বিপর্যয় ও খাদ্যে বিষক্রিয়া রোধে সরকার আইন করে পলিথিন বন্ধের উদ্যোগ নেয়। কিন্তু আইনের প্রয়োগ না হওয়ায় এবং অভিযান পরিচালিত না হওয়ায় উপজেলায় পলিথিনের ব্যবহার বন্ধ হচ্ছে না।
সূত্র আরও জানায়, ফ্রেশ প্রিমিয়াম, সোলার প্লাস্টিক (জোড়া হাতি মার্কা), মেসার্স সোলার প্লাস্টিক (সেতু) ইত্যাদি নাম লেখা বিভিন্ন কোম্পানি পলিথিন বাজারজাত করেছে। তবে প্যাকেটের গায়ে কোম্পানির নাম লেখা থাকলেও তাদের কোনো ঠিকানা ও ফোন নম্বর সেখানে নেই।
চাতরী চৌমহনী বাজারের এক ক্রেতা আবু নাছের (৩৫) বলেন, বাজার থেকে কোনো কিছু কিনলেই পলিথিনের ব্যাগে করে তা বাসায় নিয়ে যাওয়া যায়, তাই কাপড়ের বা চটের থলে নিয়ে যাওয়ার দরকার পড়ে না।
আনোয়ারা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম বলেন, ‘পলিথিনের ব্যবহার বন্ধে শিগগিরই বিভিন্ন হাটবাজারে অভিযান পরিচালনা করা হবে। ইতিমধ্যে আমরা মনিটরিং শুরু করেছি।’