চট্টগ্রামের আনোয়ারায় ইট দিয়ে মাথায় আঘাত করে এক যুবককে হত্যা করা হয়েছে। গত রোববার দিবাগত রাতে উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের সাপমাঝির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় লোকজন দুজনকে ধরে পুলিশে সোপর্দ করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রমতে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত কফিল উদ্দিনের (২৪) বাড়ি ইউনিয়নের খুরুস্কুল গ্রামে। তিনি দুই বছর বয়সী এক মেয়ে ও ৪০ দিন বয়সী এক ছেলের বাবা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রোববার দিবাগত রাত দুইটার দিকে জুঁইদণ্ডীর সাপমারা খালের মাথা এলাকা থেকে কয়েকজন বন্ধুসহ বাড়ি ফিরছিলেন কফিল উদ্দিন। সাপমাঝির বাড়িরঘাটা এলাকায় পৌঁছালে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে ১০-১৫ জন মানুষ তাঁদের ওপর হামলা চালায়। এ সময় কফিলের মাথায় ইট দিয়ে আঘাত করা হয়। এ ছাড়া হামলায় আহত হন কফিলের বন্ধু আবুল হাশেম (২৪), মো. সোহেল (২০) ও মো. রুবেল (২০)। কফিলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আহত তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ জানায়, ঘটনার পর স্থানীয় লোকজন জানে আলম (২৩) ও মো. ইউছুফ (২২) নামের দুই ব্যক্তিকে ধরে পুলিশে সোপর্দ করেছেন।
প্রত্যক্ষদর্শী মো. সোহেল বলেন, ‘আমরা বাড়ি ফেরার পথে ১০-১৫ জনের একটি দল আমাদের ওপর হামলা চালায়। এ সময় ঘটনাস্থলের দোকানের বাতি নিভিয়ে দেওয়া হয়। এটি পরিকল্পিত হামলা।’
স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের কিছু কর্মী-সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটে। ওই বিরোধের জের ধরে রোববার রাতের ওই ঘটনা ঘটে। রোববার রাতের ঘটনায় হতাহত চারজন ও আটক দুই ব্যক্তি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
কফিলের বাবা মো. আইয়ুব আলী প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলে অন্যায়ের প্রতিবাদ করত। এ নিয়ে এলাকায় কয়েকজনের সঙ্গে তার দ্বন্দ্ব হয়। ওই ব্যক্তিরাই আমার ছেলেকে খুন করেছে।’
গতকাল সোমবার কফিলের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর মা মনোয়ারা বেগম ও স্ত্রী শাহিদা আকতার (২২) বারবার মূর্ছা যাচ্ছিলেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।