চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামের বটতলা এলাকায় অলংকার চুরির অভিযোগে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সোমবার এ ব্যাপারে চারজনের নাম উল্লেখ করে আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই শিক্ষার্থীর বাবা। অভিযোগে বলা হয়, বিয়েবাড়ি থেকে অলংকার চুরির অভিযোগে রোববার সকাল ১০টার দিকে মোহাম্মদ সাকিলকে (১২) বেদম মারধর করা হয়।
রহমত আলী বলেন, বিয়েবাড়িতে নতুন বউ দেখতে গেলে অলংকার চুরির অপবাদ দিয়ে চার-পাঁচজন মিলে তাঁর ছেলেকে বেদম মারধর করেছে।
এ ব্যাপারে অভিযুক্ত বদি আহমদের ছেলে আবদুল মালেক বলেন, ‘অলংকার চুরি হলে আমরা তাকে (সাকিল) ভয় দেখিয়ে উদ্ধারের চেষ্টা করি। তাকে মারধর করা হয়নি।’
বারখাইন ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নিজাম উদ্দিন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সাকিলকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।’
আনোয়ারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নিমাই চন্দ্র পাল বলেন, এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।