আনোয়ারায় ১৪ দোকান থেকে চার লাখ টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পৃথক দুটি ডাকাতির ঘটনায় ১৪টি দোকান থেকে চার লাখ টাকা লুট করেছে ডাকাতেরা। গত সোমবার রাতে উপজেলার পীরখাইন রাস্তার মাথা ও সৈয়দ কুচাইয়া মোড়ে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকানদারদের কয়েকজন জানান, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলে করে ১২ থেকে ১৪ জনের একটি ডাকাত দল পীরখাইন রাস্তার মাথায় নেমে একে একে আল্লাহ মালিক ওয়ার্কস, নাজিম টেলিকম, চন্দনাইশ জুয়েলার্স, সুমন ফার্মেসি, নুরুল আলম স্টোর, কামাল কুলিং কর্নার, শওকত ফার্মেসি, মোস্তাফিজ হার্ডওয়্যার ও জয়নাল আবেদীনের দোকান লুট করে। এ সময় ডাকাতেরা নাজিম টেলিকম থেকে ৫০টি মুঠোফোন সেট, বিকাশের ৩৮ হাজার ও ইজিলোডের ছয় হাজার টাকা নিয়ে যায়। এ ছাড়া ডাকাতেরা আল্লাহ মালিক ওয়ার্কস থেকে ১৩ হাজার ৬০০, চন্দনাইশ জুয়েলার্স থেকে ছয় হাজার, সুমন ফার্মেসি থেকে ১১ হাজার, মোস্তাফিজের দোকান থেকে ১০ হাজার ও জয়নাল আবেদীনের দোকান থেকে নগদ ৫০ হাজার টাকাসহ প্রায় তিন লাখ টাকা লুট করে।
এর আগে ডাকাতেরা উপজেলার সৈয়দ কুচাইয়ার মোড়ের মা স্টোর, কাশেম ওয়ার্কস, আরিফের মুদি দোকান, ইদ্রিসের মুদি দোকান ও রুবেল ফার্মেসিতে হানা দিয়ে এসব দোকান থেকেও প্রায় এক লাখ টাকা লুট করে।
ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শী মো. ইলিয়াছ বলেন, ‘ডাকাতেরা একে একে সব কটি দোকান লুট করে। ঘটনার একটু আগে আমি আমার দোকান বন্ধ করে দিই। যেসব দোকানে মানুষ ছিল, ডাকাতেরা সেসব দোকানের বাইরে তালা লাগিয়ে দেয়। পরে অন্য দোকানগুলোর তালা ভেঙে লুট করে।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, ‘শুনেছি সৈয়দ কুচাইয়া মোড়ে চুরির
ঘটনা ঘটেছে। তবে পীরখাইন রাস্তার মাথায় ডাকাতির খবর পাইনি।’