আনোয়ারা উপকূলে বন্ধ হয়নি জাটকা আহরণ
চট্টগ্রামের আনোয়ারা উপকূলে জাটকা আহরণ বন্ধ হয়নি। জাটকা আহরণের পাশাপাশি জেলেরা এসব মাছ পরিবহন ও বাজারজাত করলেও আইন প্রয়োগ না হওয়ায় অবাধে আহরণ চলছে।
সূত্র জানায়, সরকারিভাবে ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত সাগরে জাটকা ধরা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলেও তা মানছেন না আনোয়ারা উপকূলের জেলেরা। তাঁরা সাগর থেকে মাছ ধরার পাশাপাশি মজুত ও বাজারজাত করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, আনোয়ারা উপকূলে রায়পুরের সরেঙ্গা, পূর্বগহিরা, ফকিরহাট, গলাকাটা ঘাট, বাতিঘর, ধলঘাট, বার আউলিয়া, উঠানমাঝির ঘাট, দোভাষি ঘাট ও ছিপাতলী ঘাট, জুঁইদণ্ডীর সাপমারা খালের মুখ এবং বারশতের পারকী বাজারসহ ১২টির বেশি ঘাটে পাঁচ হাজারের বেশি ছোট-বড় মাছ ধরার নৌকা দিয়ে সাগর থেকে মাছ ধরা হয়। আর এসব নৌকার জেলেরা কমবেশি জাটকা ধরছে বলে অভিযোগ থাকলেও তা বন্ধে সরকারি উদ্যোগ তেমন চোখে পড়েছে না। এসব স্থান থেকে রাতে ট্রাকে করে মাছ পরিবহন করা হয়।
গত মঙ্গলবার উপজেলার রায়পুরের ফকিরহাট, ধলঘাট ও বার আউলিয়া এলাকায় গিয়ে দেখা যায়, জেলেরা সাগর থেকে ধরে আনা জাটকা মাছে বরফ দিয়ে প্যাকেট করছেন আর বাজারে পাঠাচ্ছেন।