আনোয়ারায় আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের আমানউল্লাহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে গত মঙ্গলবারও দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ অবস্থায় আজ শনিবার উভয় পক্ষই প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আনোয়ারা স্বাস্থ্যকেন্দ্র ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১২টার সময় উপজেলার বৈরাগ ইউনিয়নের আমানউল্লাহপাড়া এলাকায় আওয়ামী লীগের সভাপতি কাজী মোজাম্মেল হকের সমর্থকদের সঙ্গে সাধারণ সম্পাদক এম এ মান্নান চৌধুরীর সমর্থকদের দুই দফা সংঘর্ষে উভয় পক্ষের মো. সোহেল (২৮), আবদুল আউয়াল (২৮) ও মো. মুছা (৩০) আহত হয়েছেন।
দলীয় সূত্র জানায়, এর আগে মঙ্গলবার প্রয়াত সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবরে ফুল দিতে গিয়ে সংঘর্ষে জড়ান নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকেরা। এ ছাড়া গত রোববার রাতে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটির ঘোষণা দেয় জেলা আওয়ামী লীগ।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান কোনো মন্তব্য না করে শুধু আজ শনিবার সকালে শহীদ মিনারে সমাবেশ আয়োজনের কথা জানান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মোজাম্মেল হক বলেন, ‘বৃহস্পতিবার রাতেই তারা আমাদের কর্মীদের ওপর হামলা করেছে। পরে তাদের বাড়িঘরেও হামলা হয়েছে।’ কাজী মোজাম্মেল হক আরও বলেন, ‘আমরা শান্তি চাইলেও আরেকটি পক্ষ তা চাইছে না, তাই শনিবারে আমরাও মাঠে আছি।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কামাল হোসেন বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।