আনোয়ারায় জনতার পিটুনিতে তিন ছিনতাইকারী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাত-পা ও মুখ বেঁধে চালককে ফেলে দিয়ে অটোরিকশা নিয়ে পালানোর অভিযোগে তিন ব্যক্তিকে ধরে পিটুনি দিয়েছেন লোকজন। গত শনিবার রাত নয়টার দিকে চট্টগ্রামের আনোয়ারার ধানপুরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার সন্ধ্যার দিকে তিন ব্যক্তি চট্টগ্রাম নগর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করেন। তাঁরা অটোরিকশা নিয়ে আনোয়ারার বরকলে আসেন। সেখান থেকে আবার নগরে ফিরে যাওয়ার সময় ধানপুরা সেতু এলাকায় চালক মো. মোশারফ হোসেনের হাত-পা ও মুখ বেঁধে তাঁকে ফেলে দিয়ে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন ওই তিন ব্যক্তি। পরে চালক বাঁধন খুলে চিৎকার করলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করেন। পরে লোকজন চাতরী চৌমুহনী এলাকায় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অটোরিকশাসহ ওই তিন ব্যক্তিকে ধরে পিটুনি দেন। পরে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. খোকন, আবদুচ ছত্তার ও জসিম ওরফে রাজু। ছত্তার ও জসিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মোশারফ হোসেন তিনজনকে আসামি করে আনোয়ারা থানায় মামলা করেছেন।
আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ মামলার সত্যতা নিশ্চিত করেছেন।