আনোয়ারায় ১০ লাখ ইয়াবা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় গত সোমবার রাতে পৃথক অভিযান চালিয়ে ১০ লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় দুজনকে আটক করা হয়।

গতকাল মঙ্গলবার চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় কোস্টগার্ড পূর্বাঞ্চলের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে লে. কমান্ডার জুলহাস ফয়সাল বলেন, গত সোমবার দুপুর ১২টার দিকে ইয়াবা পাচারকারীরা নাফ নদী দিয়ে স্পিডবোটযোগে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বিজিবির সদস্যরা পাচারকারীদের ধাওয়া করেন।ধাওয়ার মুখে পাচারকারীরা গভীর সমুদ্রে পালিয়ে যায়। পরে পাচারকারীদের ধরার জন্য বিজিবি ও কোস্টগার্ড সাগরে ব্যাপক তৎপরতা শুরু করে। এ তৎপরতার মুখে পাচারকারীরা আনোয়ারার গহিরা উপকূল দিয়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে পাচারকারীরা স্পিডবোটটির তলা ফুটো করে সাগরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। তিনি জানান, রাত ১১টার সময় পারকী সৈকতের কাছে পরিত্যক্ত অবস্থায় স্পিডবোটসহ সাড়ে নয় লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

কোস্টগার্ড জানায়, এর আগে সোমবার রাতে রায়পুরের দোভাষি বাজার এলাকা থেকে ৫০ হাজার ইয়াবাসহ দুজনকে আটক করে কোস্টগার্ড। আটক ব্যক্তিরা হলেন সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার দয়াল হরিনাথ (৪০) ও টেকনাফের ডেইলপাড়ার মো. হোসেন (৫৫)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত সাত মাসে কোস্টগার্ড পূর্বাঞ্চল ২৩ লাখ ৯৯ হাজার ৩৪৮টি ইয়াবা বড়ি উদ্ধার করে, যার বাজারমূল্য প্রায় ১২০ কোটি টাকা। এসব ঘটনায় ৪৮ পাচারকারীকে আটক করা হয়।

কোস্টগার্ড পূর্বাঞ্চলের আওতাধীন সাঙ্গু স্টেশনের চিফ পেটি অফিসার এম কাউসার জানান, ৫০ হাজার ইয়াবাসহ আটক দুই ব্যক্তিকে গতকাল আনোয়ারা থানায় সোপর্দ করা হয়েছে। এ ছাড়া উদ্ধার করা সাড়ে নয় লাখ ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে।