আনোয়ারায় ৮ হাজার ইয়াবা বড়ি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় ৪০ লাখ টাকা মূল্যের আট হাজার ইয়াবা বড়ি জব্দ করেছে কোস্টগার্ড। উপজেলার রায়পুর ইউনিয়নের বার আউলিয়া এলাকা থেকে শনিবার ভোরে এসব ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার ভোর ৫টার সময় উপজেলার রায়পুর ইউনিয়নের বার আউলিয়া এলাকায় অভিযান চালান কোস্টগার্ড পূর্ব জোনের আওতাধীন সাঙ্গু স্টেশনের সদস্যরা। এ সময় ইয়াবা পাচারকারীরা কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ইয়াবাভর্তি একটি ব্যাগ ফেলে পালিয়ে যান। ওই ব্যাগে আট হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়, যার আনুমানিক দাম ৪০ লাখ টাকা।

এ ব্যাপারে কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (গোয়েন্দা) লেফটেন্যান্ট কমান্ডার ওমর ফারুক বলেন, জব্দ করা ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে। তবে ইয়াবা জব্দের সময় কাউকে আটক করা যায়নি বলে তিনি জানান।