আনোয়ারায় অস্ত্রসহ চারজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় আজ রোববার ভোরে চারজনকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়।

আটক চারজন হলেন মো. আকতার (২৬), সেজান (২২), আলামিন (২৮) ও আতিকুর রহমান (২৬)।

কর্ণফুলী থানার পুলিশের ভাষ্য, মো. আকতার চট্টগ্রামের আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার খালাসপ্রাপ্ত আসামি এবং আনোয়ারা উপজেলার নারী ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগমের ছেলে। তাঁর বিরুদ্ধে ধর্ষণ, ডাকাতি, চোরাচালানিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা আছে।

কর্ণফুলী থানার পুলিশ জানায়, আজ ভোর সাড়ে চারটার দিকে আনোয়ারা উপজেলার কর্ণফুলী থানার চট্টগ্রাম ইউরিয়া সারকারখানা লিমিডেটের (সিইউএফএল) ঘাট এলাকা থেকে এই চারজনকে আটক করা হয়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

কর্ণফুলী থানার ওসির ভাষ্য, রাতভর এ অভিযান চলে আর ভোরে অস্ত্রসহ তাঁদের আটক করা হয়। এই চারজনের কাছ থেকে একটি দেশীয় বন্দুক, দুটি কার্তুজ, দুটি কিরিচ, দুটি চাপাতি, একটি চায়নিজ কুড়াল ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।