চট্টগ্রামের আনোয়ারার সমুদ্র উপকূল থেকে ৩ লাখ ৮০ হাজার ইয়াবা বড়ি জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল শনিবার ভোরে উপজেলার রায়পুর ইউনিয়নের সাত্তার মাঝিরঘাট এলাকা থেকে এসব ইয়াবা বড়ি জব্দ করা হয়। ইয়াবা বড়িগুলো তিনটি বস্তায় ছিল। জব্দ করা ইয়াবার মূল্য ১৯ কোটি টাকা বলে জানায় কোস্টগার্ড। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
কোস্টগার্ড সূত্র জানায়, মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে আসা একটি নৌকা শুক্রবার দিবাগত রাতে গভীর সমুদ্রে অপেক্ষা করছিল। ওই নৌকা থেকে ইয়াবা আনার জন্য আনোয়ারা উপকূল থেকে আরেকটি নৌকা সেখানে যায়। এ তথ্য পাওয়ার পর কোস্টগার্ডের একটি দল ইয়াবা বহনকারী নৌকাটি আটকের জন্য অভিযান চালায়। কোস্টগার্ডের সদস্যরা থামার সংকেত দিলে ওই নৌকাটি পালিয়ে যেতে চেষ্টা করে। পরে কোস্টগার্ড সদস্যদের ধাওয়ার মুখে সাত্তার মাঝিরঘাট এলাকায় ভেড়ানো হয় নৌকাটি। এরপর ইয়াবা নিয়ে পালানোর চেষ্টা করেন নৌকার আরোহীরা। একপর্যায়ে তাঁরা ইয়াবা ফেলে পালিয়ে যান।
কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. এম নূরুজ্জামান শেখ প্রথম আলোকে বলেন, জব্দ করা তিন বস্তা ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।