আনোয়ারায় অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, আটক ৩
চট্টগ্রামের আনোয়ারায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসার ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
ধর্ষণের শিকার কিশোরীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া গ্রামের জনৈক প্রবাসীর মেয়ের (১৪) সঙ্গে দুই মাস ধরে প্রেমের অভিনয় করে আসছিলেন উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামের সত্যনারায়ণ দত্তের ছেলে চন্দন দত্ত (২২)। এর জের ধরে ওই মেয়েটিকে গতকাল বৃহস্পতিবার সকালে পারকি সৈকতে বেড়াতে নিয়ে যান চন্দন। সেখান থেকে ফেরার পথে মেয়েটিকে মোহাম্মদপুর গ্রামে নিয়ে একটি ঘরে আটকে রেখে ধর্ষণ করে চন্দন। পরে ঘটনা জানাজানি হলে মেয়ের মা থানায় অভিযোগ করে পুলিশে খবর দিলে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ সকালে চন্দনসহ তাঁর দুই ভাই বাবলা দত্ত (২৩) ও মন্তুষ দত্তকে (২৫) আটক করে পুলিশ।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, অপহরণ ও ধর্ষণের অভিযোগে চন্দনের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে।