আনোয়ারায় এক লাখ ইয়াবা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের খোর্দ গহিরা এলাকা থেকে এক লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে কোস্টগার্ড। গত সোমবার দিবাগত রাতে পরিত্যক্ত অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

কোস্টগার্ড সূত্র জানায়, ইয়াবা পাচারের খবর পেয়ে সোমবার রাত একটার সময় খোর্দ গহিরা এলাকায় অভিযানে নামে কোস্টগার্ডের একটি দল। এ সময় টের পেয়ে ইয়াবা বড়ি ফেলে পালিয়ে যায় পাচারকারী চক্র। পরে একটি দোকান থেকে পরিত্যক্ত অবস্থায় এক লাখ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

কোস্টগার্ড পূর্বাঞ্চলের আওতাধীন সাঙ্গু স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. সাইফুল আবছার প্রথম আলোকে বলেন, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আনোয়ারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এদিকে আনোয়ারায় ৩ হাজার ৯০০ ইয়াবা বড়িসহ একজনকে আটক করেছে পুলিশ। কর্ণফুলী থানার পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার দুপুরে ডিএপি সার কারখানার প্রধান ফটকের সামান্য দূর থেকে অনীল জলদাশ (৩৯) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৩ হাজার ৯০০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়।

কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) গাজিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।