আনোয়ারায় ছাত্রলীগের নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতিকে গতকাল বুধবার কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের নেতা-কর্মীরা উপজেলা সদর ও আশপাশের এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন।
স্থানীয় সূত্র জানায়, গতকাল আনোয়ারা কলেজ এলাকা থেকে মোটরসাইকেলযোগে রূদুরা গ্রামের বাড়িতে যাচ্ছিলেন কলেজ ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম। বেলা তিনটার দিকে ডুমুরিয়া-রূদুরা সড়কের মাথায় মোটরসাইকেলের গতি রোধ করে তাঁকে কুপিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। সে সময় তাঁর সঙ্গে থাকা শুভ দত্ত (২৪) আহত হন। পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয় সূত্র জানায়, নজরুলের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে আনোয়ারা সদরে বিক্ষোভ শুরু করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। একপর্যায়ে তাঁরা চট্টগ্রাম-আনোয়ারা সড়ক অবরোধ করেন। এ সময় উপজেলা সদরের বেশির ভাগ দোকানপাট বন্ধ হয়ে যায়। সন্ধ্যা ছয়টার দিকে নেতা-কর্মীরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। ছাত্রলীগের নেতা-কর্মীরা উপজেলা সদরে কয়েকটি যানবাহনের ও সোনালী ব্যাংক ভবনের কাচ ভাঙচুর করেন। বিকেল পাঁচটার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা কালাবিবির দিঘির মোড় ও চাতরী-চৌমুহনী বাজারে অবস্থান নেন। এতে পটিয়া-আনোয়ারা-বাঁশখালী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সে সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ওই দুই বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। সন্ধ্যা ছয়টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা সদরের বোয়ালগাঁও এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের ওপর ইট-পাথর আর কাঠ দিয়ে সড়ক অবরোধ করে রেখেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ওই সময় পুলিশ অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করলে ছাত্রলীগের নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে পড়েন। এ সময় পুলিশের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের বাগ্বিতণ্ডা হয়।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক পৃথ্বীরাজ কর বলেন, নজরুলের মাথা, মুখ, পিঠ ও পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। আর শুভ দত্তের হাত ভেঙে গেছে। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আনোয়ারা বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সহসভাপতি খোরশেদ আলম বলেন, নজরুলের ওপর কারা হামলা চালিয়েছে, তা তাঁরা এখনো জানতে পারেননি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ প্রথম আলোকে বলেন, হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি বলেন, সন্ধ্যা ছয়টার সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।