আনোয়ারায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় রাজ্জাক নূর (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের খোট্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বৈরাগ ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল আবছার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জমি ও বসতবাড়ি নিয়ে নিহত রাজ্জাক নূরের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে সাবেক সাংসদ ও উপজেলা চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরীর ছেলেদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলায়ও জড়ায়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে দুই পক্ষের মারামারিতে রাজ্জাক নূর নিহত হন। তবে খুনের ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে বলে জানান তিনি।

নিহত রাজ্জাক নূরের ছেলে রাশেদ নূর প্রথম আলোকে বলেন, ‘আজ সকাল সাড়ে আটটার দিকে শাহাদত হোসেনের ছেলে মেহেদি হোসেন এবং এমদাদ, বাবলু, আবদুল, শফিউল, শাহনূরসহ ১০-১২ জন আমার বাবার কাছে আমি কোথায় জানতে চান। ওই সময় আমি সেখানে গেলে আমাদের ওপর হামলা করেন তাঁরা। তখন তাঁদের ইটের আঘাতে বাবার মৃত্যু হয়।’

তবে, এ অভিযোগ অস্বীকার করে মেহেদি হোসেন বলেন, ‘আমাদের সঙ্গে তাঁদের দ্বন্দ্ব আছে সত্য, তবে আমরা মারামারিতে ছিলাম না। রাতে আমি খালার বাসায় ছিলাম। সকালে এসে ঘটনার কথা শুনি। এখানে আমাদের সম্পৃক্ততা নেই।’

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।