আনোয়ারায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারায় বিরোধপূর্ণ জমির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় উপজেলার জুঁইদণ্ডীর চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় তিনটি খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয়।
পুলিশ সূত্র জানায়, জুঁইদণ্ডীর চৌমুহনী এলাকার ছালেহ আহমদের সঙ্গে পাশের বাড়ির মৃত তালেব আলীর ছেলেদের জমি নিয়ে বিরোধ রয়েছে। এ বিরোধকে কেন্দ্র করে গতকাল রাতে লাঠিসোঁটা নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে সাহেব মিয়া, মো. হানিফ, মো. রমিজ ও অন্তর নামের চারজন আহত হয়েছেন।
আনোয়ারা থানার এএসআই মো. মাহবুবুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ বলেন, ঘটনাস্থল থেকে দুই পক্ষের ১০ জনকে আটক করা হয়েছে।