আনোয়ারায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দুই পক্ষের দ্বন্দ্বের জের ধরে হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রায়পুর ইউনিয়নের খোর্দ গহিরা গ্রামের শেখ আহমদ (৫১) ও মোহাম্মদ সবুরের (৩৮) সঙ্গে বিভিন্ন সময় যৌথভাবে সামুদ্রিক জাহাজে তরকারি ও বিভিন্ন মালামাল সরবরাহ করতেন মো. রাশেদ (৩৪)। তবে লাভের ভাগ-বাঁটোয়ারা নিয়ে শনিবার তাঁদের মধ্যে বিরোধ হয়। এই বিরোধ নিয়ে রাত ১০টার দিকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের একপর্যায়ে মাথায় আঘাত পান রাশেদের চাচা মোহাম্মদ সালাম (৫৩)। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত তিনটার দিকে তিনি মারা যান।
নিহত সালামের ছেলে মো. রুবেল বলেন, ‘আমার বাবা ঘর থেকে দোকানে যাওয়ার পথে হামলায় আহত হন ও রাতে হাসপাতালে মারা যান।’
রায়পুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জানে আলম প্রথম আলোকে বলেন, দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ সালাম আহত হন ও পরে হাসপাতালে মারা যান।
আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার মাইনুল হক বলেন, দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। রোববার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।