আনোয়ারায় নৌকাডুবিতে ২ ছাত্রী নিখোঁজ

চট্টগ্রামের আনোয়ারায় শঙ্খ নদে নৌকাডুবির ঘটনায় দুই ছাত্রী নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের ঈশ্বরবাবুর ঘাটে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল সকালে জুঁইদণ্ডীর ঈশ্বরবাবুর ঘাট দিয়ে ইঞ্জিনচালিত নৌকা করে ঘাট পারাপারের সময় গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কা লেগে ১৯-২০ জনকে বহনকারী নৌকাটি উল্টে যায়। এ সময় নদীর দুপাড় থেকে স্থানীয় লোকজন এসে উদ্ধারকাজ শুরু করেন। নৌকার আরোহী অন্যদের উদ্ধার করা সম্ভব হলেও ষষ্ঠ শ্রেণির ছাত্রী হানুফা আখতার ও জান্নাতুল মাওয়ার সন্ধান মেলেনি।
নিখোঁজ দুই ছাত্রী বাঁশখালীর খানখানাবাদের রায়ছটা গ্রামের একটি মাদ্রাসার ছাত্রী। তাদের বাড়ি আনোয়ারার জুঁইদণ্ডী ইউনিয়নের চর জুঁইদণ্ডী এলাকায়।
নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা নিখোঁজ দুই ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ বলেন, নিখোঁজ দুই ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডুবুরিরা।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, এ ঘটনায় নৌকার চালক মো. পারভেজকে (২৩) আটক করা হয়েছে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন প্রথম আলোকে জানান, ডুবুরিরা ৬ কিলোমিটার এলাকায় তল্লাশি চালিয়েছেন। তবে এখনো নিখোঁজ ছাত্রীদের সন্ধান মেলেনি।
পটিয়া সার্কেলের এএসপি মো. জাহাঙ্গীর, বাঁশখালীর ইউএনও কাজী মোহাম্মদ চাহেল তস্তরী ও ওসি মোহাম্মদ আলমগীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।