আনোয়ারায় ১০ কোটি টাকার ইয়াবা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারায় আনুমানিক ১০ কোটি টাকা মূল্যের দুই লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে কোস্টগার্ড। উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়ার নুর ছৈয়দের বাড়ি থেকে আজ রোববার ভোরে এসব উদ্ধার করা হয়। তবে এতে কাউকে আটক করা যায়নি।
কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা পাচারের খবর পেয়ে গতকাল শনিবার রাত ১২টা থেকে আজ ভোর পর্যন্ত কোস্টগার্ডের একটি দল উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়ার নুর ছৈয়দের বাড়িতে অভিযান চালায়। এ সময় ইয়াবা পাচারকারীরা টের পেয়ে পালিয়ে গেলে কোস্টগার্ড সদস্যরা ওই বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে দুই লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেন।
কোস্টগার্ড পূর্বাঞ্চলের আওতাধীন সাঙ্গু স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম এ তাহের প্রথম আলোকে বলেন, উদ্ধার হওয়া বড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে। এগুলোর মূল্য আনুমানিক ১০ কোটি টাকা।