আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার হওয়া আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সদস্য মো. আনসার উল্লাহ (৩০)। ছবি: র‍্যাব ৭ এর সৌজন্যে
গ্রেপ্তার হওয়া আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সদস্য মো. আনসার উল্লাহ (৩০)। ছবি: র‍্যাব ৭ এর সৌজন্যে

কক্সবাজারের টেকনাফ থেকে সন্দেহভাজন আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সদস্য মো. আনসার উল্লাহকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ৭। আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে র‍্যাব ৭ কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র‍্যাব ৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এস এম সাউদ হোসেন প্রথম আলোকে বলেন, আনসার উল্লাহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানবপাচারকারী ও আন্তর্জাতিক চক্রের একজন সক্রিয় সদস্য। তাঁর বিরুদ্ধে টেকনাফ থানায় মানবপাচারের দুটি ও গৌরনদী থানায় একটি মামলা রয়েছে।
আনসার উল্লাহ মিয়ানমারের আকিয়াবের বুচিদং এলাকার মো. জাফর হোসেনের ছেলে। সে টেকনাফে একটি রোহিঙ্গা শরণার্থীশিবিরে বাস করত।
এস এম সাউদ হোসেন জানান, মো. রাসেল (৩০) নামে বরিশাল জেলার গৌরনদী উপজেলার এক যুবককে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচার করেন আনসার উল্লাহ। পরে মালয়েশিয়ায় আটকে রেখে মোবাইলে রাসেলের পরিবারের কাছ পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তিনি। রাসেলের পরিবার ইসলামী ব্যাংকের টেকনাফ শাখায় আনসারের ব্যক্তিগত হিসাবে পুরো পাঁচ লাখ টাকা জমা দেন। টাকা দেওয়ার পর রাসেলের ভাই সিরাজ খান বাদী হয়ে বরিশালের গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার সূত্র ধরে, র‍্যাব সদস্যরা আনসারের টেকনাফে অবস্থানের বিষয়টি নিশ্চিত হয়ে গতকাল রাত থেকে অভিযান চালিয়ে আজ বুধবার ভোররাত তিনটার দিকে তাঁকে গ্রেপ্তার করেন।