আন্দরকিল্লায় ব্যবসায়ীর টাকা ছিনতাই
চট্টগ্রামের আন্দরকিল্লা মোড় থেকে এক ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাই হয়েছে।
গতকাল রোববার বিকেলে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের ঘটনার পরপরই জনতা দুই ছিনতাইকারীকে পুলিশে ধরিয়ে দেয়। এ সময় টাকা নিয়ে পালিয়ে যায় বাকি দুই ছিনতাইকারী। গতকাল রাত ১০টায় পর্যন্ত ছিনতাই হওয়া টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ।
ঘটনার প্রত্যক্ষদর্শী টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নান প্রথম আলোকে জানান, খাতুনগঞ্জের ব্যবসায়ী মোহাম্মদ হাছান গতকাল বিকেলে আন্দরকিল্লায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা থেকে দেড় লাখ টাকা তুলে রাস্তায় অটোরিকশার জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি সিনএজিচালিত অটোরিকশায় করে চার ছিনতাইকারী এসে তাঁকে গাড়িতে তুলে ফেলে।
আবদুল মান্নান জানান, হাছানের হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে গাড়ি থেকে তাঁকে ফেলে দেওয়া হয়। এ দৃশ্য দেখে স্থানীয় লোকজন চিৎকার শুরু করেন। ছিনতাইকারীরা আন্দরকিল্লা মোড় থেকে টেরিবাজারের দিকে যাওয়ার পথে ব্যবসায়ীরা অটোরিকশাটিকে থামিয়ে দুই ছিনতাইকারী মোস্তাক ও লিটনকে ধরে ফেলেন। কিন্তু টাকা নিয়ে পালিয়ে যায় বাকি দুই ছিনতাইকারী।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, ছিনতাইয়ের ঘটনায় মামলা করেছেন ব্যবসায়ী মোহাম্মদ হাছান। আটক দুই ছিনতাইকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পলাতক ছিনতাইকারীদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারে পুলিশের অভিযান চলছে।