আন্দরকিল্লার 'নিয়ন্ত্রণ' নিয়ে বারবার সংঘর্ষ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা এলাকার ‘নিয়ন্ত্রণ’ নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের বিরোধ চরমে পৌঁছেছে। দুই পক্ষই মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। গত সোমবার রাতে মেয়রের আন্দরকিল্লার বাসার সামনের সড়কে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরদিন রাতে আবারও আন্দরকিল্লা এলাকায় সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ সময় গুলির শব্দও শোনা যায়। ভাঙচুর করা হয় গাড়ি ও দোকান।
ছাত্রলীগের দুই পক্ষে দোকান ভাঙচুরের প্রতিবাদে আন্দরকিল্লা ব্যবসায়ী কল্যাণ পরিষদ এবং আন্দরকিল্লা, জামালখান ও দেওয়ানবাজার এলাকার বাসিন্দারা মানববন্ধন কর্মসূচি পালন করেন। গত বুধবার দুপুরে আন্দরকিল্লায় এ কর্মসূচি পালনের সময় তাঁরা এলাকার শান্তি ফিরিয়ে আনার দাবি জানান। একই সঙ্গে সংঘর্ষের সময় যানবাহন ও দোকান ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।
এ বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী প্রথম আলোকে বলেন, ‘এটি কোনোভাবেই কাম্য নয়। নাছির ভাইও (মেয়র) তাঁদের কোনো প্রশ্রয় দিচ্ছেন না। তিনি (মেয়র) দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছেন।’
এর আগে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদ ওরফে সোহেল হত্যার প্রতিবাদে গত ৯ এপ্রিল নগরের শহীদ মিনারের সামনে সমাবেশের আয়োজন করেছিল মেয়রের অনুসারী নগর ছাত্রলীগ। সমাবেশ চলাকালে দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। তখনো গুলির শব্দ শোনা যায়।
ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, আন্দরকিল্লা এলাকায় আধিপত্য বিস্তার ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছেন সিআরবির জোড়া খুন মামলার আসামি সাইফুল আলম ওরফে লিমন। ২০১৩ সালে রেলওয়ের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে জোড়া খুনের ঘটনা ঘটে। এরপর তাঁকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কার (সহসম্পাদক ছিলেন) করা হয়। বেশ কিছু দিন ধরে তিনি আন্দরকিল্লা ও জামালখান এলাকায় তাঁর অনুসারীদের সংগঠিত করার চেষ্টা করছেন। এ নিয়ে নগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ওয়াহেদ রাসেলের সঙ্গে তাঁর বিরোধ দেখা দেয়। রাসেলের বাসা আন্দরকিল্লায়।
ছাত্রলীগের একটি সূত্র জানায়, সম্প্রতি অমিত চক্রবর্তী ওরফে শশী নামের এক কর্মী সাইফুল আলমের পক্ষে যোগ দেন। এটি স্বাভাবিকভাবে নিতে পারেননি ওয়াহেদ রাসেল ও তাঁর অনুসারীরা। কারণ অমিত চক্রবর্তী আগে কেন্দ্রীয় যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরীর অনুসারী ছিলেন। হেলাল আকবর চৌধুরী নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। হেলাল আকবর ও শশী ওই জোড়া খুন মামলার আসামি।
নাম না প্রকাশের শর্তে নগর ছাত্রলীগের একাধিক নেতা বলেন, গত সোমবার রাতে শশীকে মেয়র নাছিরের আন্দরকিল্লার বাসায় নিয়ে যান সাইফুল। সেখান থেকে বের হয়ে আসার পর ওয়াহেদ রাসেলের অনুসারীরা শশীকে মারধর করেন। এই ঘটনায় সাইফুলের পক্ষ নিয়ে চট্টগ্রাম আইন কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল বারীর অনুসারীরা ওয়াহেদ রাসেলের অনুসারীদের ধাওয়া দেন।
এ বিষয়ে সাইফুল আলম প্রথম আলোকে বলেন, ওয়াহেদ রাসেল ও সাইফুল বারী দুজনই নগরের আন্দরকিল্লা এলাকার বাসিন্দা। দুজনই মেয়র নাছিরের পক্ষে রাজনীতি করলেও বিভিন্ন কারণে তাঁদের মধ্যে আগে থেকেই দূরত্ব ছিল। সম্প্রতি শশীকে নিয়ে সে দূরত্ব আরও বেড়েছে। সাইফুল বারী তাঁর পক্ষে অবস্থান নেওয়ায় রাসেলের অনুসারীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। তাঁরা সাইফুল বারীর বাসার গলিতে গিয়ে ফাঁকা গুলিবর্ষণ করে।
এলাকার আধিপত্য বিস্তার নিয়ে ওয়াহেদ রাসেলের সঙ্গে ঝামেলা রয়েছে বলে স্বীকার করেন সাইফুল বারী। তিনি প্রথম আলোকে বলেন, ওয়াহেদ রাসেল তাঁকে ও তাঁর কর্মীদের এলাকায় রাজনীতি করতে দিতে চান না। অনেক দিন ধরে তিনি এর প্রতিবাদ করে আসছেন। এর মধ্যে গত সোম ও মঙ্গলবার তাঁর বাসার গলিতে ঢুকে ফাঁকা গুলি করে আতঙ্ক তৈরির চেষ্টা করেন রাসেলের অনুগত ছেলেরা। বাসায় গিয়ে তাঁর মায়ের সঙ্গেও তাঁরা দুর্ব্যবহার করেন। এসবের জের ধরে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।
তবে সাইফুল বারীর পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার ও গলিতে ফাঁকা গুলি ছোড়ার বিষয়টি অস্বীকার করেছেন ওয়াহেদ রাসেল। সাইফুল আলমকে ইঙ্গিত করে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার বাড়ি আন্দরকিল্লায়। এখানেই থাকি। অন্য এলাকায় (সাইফুলের বাসা লালখানবাজার) গিয়ে কাউকে বিরক্ত করিনি। কিন্তু সিআরবি এলাকায় টেন্ডার ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিরা স্থানীয় সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে আমাদের এলাকায় এসে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। আমরা সেটি প্রতিরোধ করেছি।’
হামলার সঙ্গে জড়িত দুই পক্ষই আধিপত্য বিস্তারের বিষয়টি স্বীকার করে নিলেও, এসব ঘটনাকে দলীয় কোন্দল বলতে রাজি নন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী আবদুল্লাহ আল মামুন। তিনি প্রথম আলোকে বলেন, আন্দরকিল্লা মেয়রের ‘হোম ওয়ার্ড’। সেখানে কারও আধিপত্য বিস্তারের সুযোগ নেই। শশী নামের এক ছেলেকে নিয়ে দুই পক্ষের মধ্যে ভুল-বোঝাবুঝি হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম নগর ছাত্রলীগ শাখার সভাপতি ইমরান আহমেদ প্রথম আলোকে বলেন, ওদের মধ্যে (মেয়রের অনুসারী) মারামারি হয়েছে। বিষয়টির খোঁজ নেওয়া হচ্ছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কারও ব্যক্তিগত অপরাধের দায় ছাত্রলীগ নেবে না।