পেট্রলবোমা হামলায় মানুষ পুড়িয়ে মারার জন্য সরকারকে দায়ী করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। পৃথক বিবৃতিতে দল দুটি দাবি করেছে, রাজনৈতিক আন্দোলনকে সন্ত্রাসী ও জঙ্গিবাদ হিসেবে চিহ্নিত করার জন্যই সরকারের মদদে দেশের বিভিন্ন স্থানে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটছে। সরকারি এজেন্টদের মাধ্যমে পেট্রলবোমা হামলা করে তার দায়দায়িত্ব বিরোধী দলের ওপর চাপানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
গতকাল মঙ্গলবার বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ ও জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান পৃথক বিবৃতিতে এ দাবি করেন।
বিবৃতিতে বিএনপি মানুষ পুড়িয়ে মারার ঘটনাকে জঘন্য কর্মকাণ্ড উল্লেখ করে এর জন্য সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের বিচারের দাবি জানিয়েছে। আর জামায়াত এসব ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত কমিশন করে দোষীদের শনাক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
জামায়াতের বিবৃতিতে বলা হয়, পুলিশ, র্যা ব, বিজিবির কড়া প্রহরার মধ্যে কী করে এ ধরনের ঘটনা সংঘটিত হয়, তা এক বিরাট রহস্য। এর জবাব সরকারকে অবশ্যই দিতে হবে। তাদের দাবি, চলমান গণতান্ত্রিক আন্দোলনকে সন্ত্রাসী ও নাশকতার আন্দোলন আখ্যায়িত করে অত্যন্ত পরিকল্পিতভাবে এসব হিংসাত্মক কর্মকাণ্ড সংঘটিত করা হচ্ছে।